ওয়ান নিউজ ডেস্ক:
শ্রমিকদের অধিকার নিয়ে অতীতে স্বৈরশাসকরা খেলাধুলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শ্রমিক ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের একটি বড় অংশ গ্রামে বসবাস করে, যেখানে অনেক সময় সঠিক সময়ে সেচ সুবিধা পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে খাল খননসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
তারেক রহমানের ভাষায়, “কৃষক ও শ্রমিকের ভাগ্য পরিবর্তন করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

