ওয়ান নিউজ ডেস্ক:
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-১ আসনের এক সদস্যের প্রশ্নের লিখিত জবাবে তিনি জানান, ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও দ্রুততার ভিত্তিতে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের সর্বশেষ তথ্য সংগ্রহ এবং নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্যপদের বিপরীতে দ্রুত রিকুইজিশন পাঠানোর জন্য মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে।
সরকার দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশাসনের কার্যকারিতা বাড়াতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

