ওয়ান নিউজ ডেস্ক
চলতি বছরের হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস।
শুক্রবার (২২ মে) প্রকাশিত হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় মারা যান। এছাড়া সিরাজগঞ্জের বেলকুচির মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুরের মো. কামাল হোসাইন (৬১) মদিনায় মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে জানানো হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
বাংলাদেশ থেকে মোট ১৯৯টি ফ্লাইটে হাজিরা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছেছেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতে মক্কা ও মদিনায় স্থাপিত মেডিকেল সেন্টারগুলোতে কার্যক্রম চালু রয়েছে। এখন পর্যন্ত সেখানে ৪৩ হাজারের বেশি চিকিৎসা প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া আইটি ও হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের বিভিন্ন ধরনের ডিজিটাল সহায়তাও দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২০ হাজারের বেশি সেবা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এদিন আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করবেন বিশ্বের লাখো মুসল্লি।

