হাম সংকটে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

হাম সংকটে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

জরুরি চিকিৎসা ও টিকা সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস

ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় দেশটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক ব্রিফিংয়ে দুই পক্ষই জানায়, চলমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সহায়তা ও মানবিক তহবিল দেওয়া হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টারে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে বাংলাদেশে হামের ভয়াবহ পরিস্থিতি বিশেষভাবে তুলে ধরা হয়। সেখানে শিশুদের মৃত্যু, দ্রুত সংক্রমণ বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আসে।

বৈঠকে জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নতুন করে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি সহায়তা পরিকল্পনায় একমত হয়েছে। এই সহায়তার আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন দেশকে অগ্রাধিকার দেওয়া হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা জেরেমি পি. লুইন বলেন, বাংলাদেশের জন্য আলাদা সহায়তা বরাদ্দ রাখা হয়েছে এবং দ্রুত চিকিৎসা সরঞ্জাম, টিকা ও ক্লিনিক্যাল সাপোর্ট পৌঁছে দেওয়ার বিষয়ে কাজ চলছে।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচারও বলেন, যদি পরিস্থিতি জীবনরক্ষাকারী জরুরি সংকট হিসেবে বিবেচিত হয়, তাহলে বাংলাদেশকে বৈশ্বিক সহায়তা কর্মসূচির অগ্রাধিকার তালিকায় রাখা হবে। তিনি জানান, সহায়তার অর্থ কোথায় ব্যয় হচ্ছে, তা পর্যবেক্ষণে একটি স্বচ্ছ ডিজিটাল ড্যাশবোর্ডও চালু করা হবে।

আন্তর্জাতিক সহায়তা কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত তহবিল ছাড় ও সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রম আরও জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্যব্যবস্থাকেও আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *