ডেস্ক রিপোর্ট:
দেশের পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকে আবারও খাকি রঙের প্যান্ট চালু করা হবে, যা দীর্ঘদিন পর পুরনো ঐতিহ্যের ফিরে আসা হিসেবে দেখা হচ্ছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং সেটি যথেষ্ট মানানসই নয় বলেই নতুন করে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রঙে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। মহানগর পুলিশের ক্ষেত্রে আগের মতো হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্ট বহাল থাকবে, তবে প্যান্ট হবে খাকি। অন্যদিকে জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি একটি ঐতিহ্যবাহী পোশাকের অংশ পুনরুদ্ধারের উদ্যোগ। উপমহাদেশে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতীক হিসেবে ‘খাকি’ পরিচিত ছিল। সেই ধারাবাহিকতায় প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও এই রং ফিরিয়ে আনা হচ্ছে।
তবে নতুন পোশাক বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পোশাক প্রস্তুত ও সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে রং ও ডিজাইনে পরিবর্তন এলেও সাম্প্রতিক সময়ে আবারও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর মধ্যেই আগের পোশাক পরিবর্তনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হওয়ায় নতুন করে খরচ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

