নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের এসবি ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই উপজেলার কামদেবপুর গ্রামের নিহত আব্দুল মান্নানের মেয়ে তাসলিমা খাতুন, নাতনি খাদিজা খাতুন (৩) ও তিন মাস বয়সি চাঁদনী খাতুন এবং অপরদিক থেকে আসা মোটরসাইকেল চালক। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতিদের নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এসবি ইটভাটার কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা মেয়ে ও দুই নাতনি ও অপর মোটরসাইকেল চালক।তবে অপরদিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল চালক ঘটনাস্থল মোটরসাইকেল ফেলে দ্রুত সটকে পড়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

