ট্রাম্পের সাত দাবিই ‘মিথ্যা’—ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ

ট্রাম্পের সাত দাবিই ‘মিথ্যা’—ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি দাবি করেছেন, ট্রাম্প যে সাতটি বিষয় উল্লেখ করেছেন, তার সবগুলোই অসত্য।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চলমান আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন কলিবফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এসব তথ্য দিয়ে কোনো ইতিবাচক ফল আসবে না।

গত শনিবার ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রায় ২১ ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় ইরানের পক্ষের নেতৃত্ব দেন কলিবফ। তবে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য থাকায় বৈঠকটি ফলপ্রসূ হয়নি।

এক্স পোস্টে কলিবফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচারিত তথ্যগুলোকে ‘মিডিয়া কৌশল’ হিসেবে দেখা উচিত এবং এসব দিয়ে ইরানকে প্রভাবিত করা সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, মার্কিন অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালির পরিস্থিতিও প্রভাবিত হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধাপে ধাপে এ কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ইউরেনিয়াম উত্তোলন করা হবে।

তবে ইউরেনিয়ামের বিনিময়ে ইরানকে ২০ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে প্রকাশিত খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, এ ধরনের কোনো আর্থিক লেনদেনের পরিকল্পনা নেই।

এদিকে, হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়েও দুই দেশের মধ্যে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পরিশোধিত ইউরেনিয়াম অন্য কোনো রাষ্ট্রে হস্তান্তরের প্রশ্নই ওঠে না।

বিশ্লেষকরা মনে করছেন, উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য চলমান আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *