আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং এই সমর্থনের কথা প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে ইসলামাবাদের প্রচেষ্টা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি। ইরান জানিয়েছে, বর্তমানে তারা কোনো নতুন আলোচনার পরিকল্পনা করেনি এবং পাকিস্তানে কোনো প্রতিনিধি পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।

