আন্তর্জাতিক ডেস্ক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কিছু ‘বন্ধুপ্রতিম’ দেশের জন্য ফি বা মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য এই সুবিধা কার্যকর করা হচ্ছে। এতে এসব দেশ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ব্যবহার করতে পারবে।
তিনি আরও জানান, কোন কোন দেশ এই সুবিধার আওতায় থাকবে এবং কীভাবে তা বাস্তবায়ন হবে—এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার কথা উল্লেখ করে বলেন, মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত গুরুত্ব বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব ও অর্থনৈতিক চাপের মধ্যে মিত্রদের জন্য সুবিধা দেওয়া একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
হরমুজ প্রণালি বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম প্রধান রুট। এই পথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে প্রভাব বিস্তার করে আসছে।
পর্যবেক্ষকদের ধারণা, মিত্র দেশগুলোর জন্য মাশুল ছাড় দেওয়া হলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে আরও কঠোর নীতি নেওয়া হতে পারে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

