তরুণদের ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

তরুণদের ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

ওয়ান নিউজ ডেস্ক

তরুণ সমাজকে বিভাজন ও বিদ্বেষের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বিভক্তির রাজনীতি ও একে অপরকে প্রতিপক্ষ বানানোর সংস্কৃতি দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

সোমবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষা শেষ করার পর যেন তরুণদের হতাশা নিয়ে ঘুরতে না হয়, সেই পরিবেশ রাষ্ট্রকেই তৈরি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকলে দক্ষ জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বেসরকারি খাতকে আরও বিস্তৃত ও তরুণবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার মতে, এমন অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে তরুণরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। বিদেশমুখী হওয়ার পরিবর্তে তারা যেন দেশের ভেতরেই সম্ভাবনা দেখতে পায়, সেই লক্ষ্যেই নীতিনির্ধারণ হওয়া উচিত।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক ট্যাগিং, বিভাজন এবং পারস্পরিক বিদ্বেষের চর্চা অব্যাহত থাকলে দেশের যুবসমাজ কখনোই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে না।

তিনি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *