সিলেট-বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

সিলেট-বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ওয়ান নিউজ ডেস্ক:

সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সিলেটে মুখোমুখি বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় এ দুর্ঘটনাগুলো ঘটে। গতকাল শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগর ও বগুড়ার সদর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মোরশেদুল আলম ভুঁইয়া জানান, ঘটনাস্থলেই ৮ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। নিহত সবাই ইউনিক বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুই বাসের যাত্রীই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ায় বাসচাপায় নিহত ৯
বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ১৫। গতকাল ভোর ৫টার দিকে এরুলিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একই সড়কে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এবার প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় তাদের আট বছরের নাতি আহত হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে কাজ পাওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় ২৫ থেকে ৩০ জন ধানকাটা শ্রমিক।

নিয়ন্ত্রণ হারানো বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। গুরুতর আহত অবস্থায় ১৮ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম শফিক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

অন্যদিকে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান। নিহতরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। আহত জুলকার নাঈন (৮) বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *