ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি শাহ্ সুফী হযরত আব্দুল আলী ওরেফে আব্দুল ডাক্তার প্রাথমিক বিদ্যালয়ের কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সাবেক ভিপি তাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক কমিশনার আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন. আশরাফুল আলম মাহফুজ প্রমুখ।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। পরে তিতাস নদীর পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের বিতরণ করা চারাগাছগুলো যত্নসহকারে পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

