ওয়ান নিউজ ডেস্ক: কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান ব্যক্ত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন যে, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে সরাসরি গ্রেপ্তার করা হবে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পারিবারিক শাসন ও নজরদারির অভাবেই সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর আহ্বান জানান এবং এ অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহরের বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।

