ওয়ান নিউজ ডেস্ক:
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এ দুটি শিল্পপ্রতিষ্ঠান কার্যত স্থবির হয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর প্রত্যাশা স্থানীয়দের দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিল্পপ্রতিষ্ঠান দুটির উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার বিষয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

