ওয়ান নিউজ ডেস্ক:
দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা কাজ করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি রয়েছে; এতে মোট সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় সেখানে নিরাপত্তা উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সদস্য মোতায়েন রাখা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন। কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন চললেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, যান চলাচল ও জনচলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

