ওয়ান নিউজ ডেস্ক: দিল্লিসহ বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে গেলে বা দেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশের প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত এবং বাহাত্তরের সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে সরকার বাধ্য নয়। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী জানান, পাসপোর্ট ও এনআইডি চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্সের ইমেইলের বিষয়েও সরকার অন্য যেকোনো পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামির মতোই আইনি অবস্থান নেবে। এছাড়া, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড ও ওসমান হাদী হত্যায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, বন্দী প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।

