লালগালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

লালগালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকরে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের তথ্যের বরাতে প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার অভিযোগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যাঁরা তাঁকে লালগালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। বক্তব্যে তিনি ময়মনসিংহ বিভাগের অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ৬ কোটি থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগের কথা জানান। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সহায়তা এবং স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার ফলে ঢাকার যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে ১১-১২ কিলোমিটারে উন্নীত হওয়ার তথ্য তুলে ধরেন তিনি। সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে এবং দেশে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্য, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *