ঈদে পশুর হাটে বাড়তি নিরাপত্তা, বসছে পুলিশ ক্যাম্প ও সিসিটিভি নজরদারি

ঈদে পশুর হাটে বাড়তি নিরাপত্তা, বসছে পুলিশ ক্যাম্প ও সিসিটিভি নজরদারি

ওয়ান নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হাট এলাকায় পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার, সিসিটিভি নজরদারি ও জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের পাশাপাশি বাড়ানো হচ্ছে টহল ও চেকপোস্ট কার্যক্রম।

ডিএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন জানিয়েছেন, রাজধানীর সব পশুর হাট এবং আশপাশের এলাকায় ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া গাড়ি ও মোটরসাইকেল টহল দল সার্বক্ষণিক নজরদারিতে থাকবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে চলাচল করতে পারেন।

তিনি বলেন, হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। রাজধানীর প্রবেশ ও বাহিরমুখী গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও চেকপোস্ট জোরদার করা হবে এবং সেগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

ঈদের সময় জাল নোটের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কায় ডিএমপির পক্ষ থেকে ১৫০টি জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন, ইজারাদার ও ব্যাংকগুলোকে অতিরিক্ত মেশিনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ১ মে থেকে রাজধানীতে জাল নোট চক্র, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ পর্যন্ত বিভিন্ন অভিযানে প্রায় ১ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ ও অপরাধী রয়েছে।

নাসিরউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শপিংমল, বাণিজ্যিক এলাকা ও পশুর হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আবাসিক এলাকাগুলোতেও চুরি-ডাকাতি ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হবে।

এ বছর রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ১৬টি হাট থাকবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পশুর হাটগুলোতে যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও জনস্বাস্থ্য নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *