চট্টগ্রামে লালদিয়া টার্মিনালের ভিত্তি স্থাপন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে মাইলফলক হিসেবে আখ্যা অর্থমন্ত্রীর

চট্টগ্রামে লালদিয়া টার্মিনালের ভিত্তি স্থাপন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে মাইলফলক হিসেবে আখ্যা অর্থমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: ডেনমার্কের বহুজাতিক প্রতিষ্ঠান ‘এ পি এম টার্মিনালস’-এর সম্পূর্ণ বৈদেশিক বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর তীরে প্রায় ৫০ একর ভূমির ওপর নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ রবিবার (৩০ আগস্ট)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে পিপিপি ভিত্তিতে নির্মিত দেশের অন্যতম বৃহৎ এই আধুনিক প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মানের টার্মিনাল যুগে প্রবেশ করছে, যা জাতীয় অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে উদ্যোগটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ৩০ বছরের চুক্তিতে বাস্তবায়িত এই টার্মিনালটি চালু হলে সরাসরি ১০ মিটার গভীরতার জাহাজ ভেড়ার সুবিধা তৈরি হবে এবং বছরে ২০ ফুট দৈর্ঘ্যের প্রায় আট লাখ কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। এতে বন্দরের পরিচালন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধির পাশাপাশি জাহাজের গড় অবস্থান কাল কমিয়ে এনে সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি সঞ্চার করবে বলে ব্যবসায়ী মহল মনে করছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে প্রকল্পটির সরাসরি সংযোগ থাকায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে অত্যন্ত দ্রুত ও নিরবচ্ছিন্ন পণ্য পরিবহন নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *