অন নিউজ ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত খনির ভেতরে আরও অন্তত ৩৮ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের চাংঝি শহরের ‘লিউশেনিউ’ কয়লা খনিতে এই আকস্মিক বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় মাটির নিচে খনিটিতে প্রায় ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ শ্রমিককে খনি থেকে অক্ষত ও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এখনো যারা ভেতরে নিখোঁজ রয়েছেন, তাদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো।
এখনো পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এ নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শানসি প্রদেশটি চীনের বৃহত্তম কয়লা উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি, যেখানে দেশের মোট উত্তোলনের প্রায় এক-তৃতীয়াংশ কয়লা উৎপাদিত হয়। তবে এই অঞ্চলের খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শানসির বিভিন্ন খনিতে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা এই খনি শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুললো।

