ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত কোনোভাবেই ভুল ছিল না বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পাওয়ার সুযোগ এখন আর কারও নেই। চিকিৎসা খাতে যেকোনো ধরনের অনিয়ম ও রোগীর প্রতি চরম অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালের ভেতরের চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালটিতে নবজাতক ও শিশুদের জন্য একটি ন্যূনতম নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি সেখানে জরুরি অক্সিজেন প্রবাহের জন্য কোনো বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ঘটনার রাতে একের পর এক নবজাতকের যখন তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, তখন ওয়ার্ডে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না; এমনকি বারবার ডেকেও কর্তব্যরত নার্সদের কোনো সাড়া মেলেনি।
তিনি আরও বলেন, যে হাসপাতালে এত অল্প সময়ের ব্যবধানে চিকিৎসার চরম গাফিলতিতে একসঙ্গে ৬টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক ও সঠিক। দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, বিশৃঙ্খলা এবং জবাবদিহিতার তীব্র যে সংকট রয়েছে, তা চিরতরে দূর করতে চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এ সময় দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে রোগীদের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধি না হওয়ায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
তবে চিকিৎসকদের সফলতার প্রশংসা করে সাখাওয়াত হোসেন বলেন, দেশের দক্ষ ডাক্তার ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় সরকার ইতিমধ্যেই মারাত্মক রোগ হামের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে। সেই ধারা বজায় রেখে দেশ ও মানুষের সেবায় দেশের সকল চিকিৎসককে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা। অনুষ্ঠানে হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে একটি তথ্যবহুল ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক।

