ওয়ান নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে কোরবানি ও পশু বিক্রিকে ঘিরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে ফৌজদারি মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন— রাজধানীতে গরু, বাছুর, উটসহ নিষিদ্ধ ঘোষিত পশু কোরবানি সম্পূর্ণ বেআইনি। এছাড়া নির্ধারিত স্লটার হাউস ছাড়া খোলা জায়গা, রাস্তা বা জনসম্মুখে পশু জবাইও নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির পর পশুর বর্জ্য বা রক্ত নর্দমা ও রাস্তায় ফেলা যাবে না। নির্ধারিত স্থানে সঠিকভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।
এছাড়া রাস্তা, অলিগলি কিংবা খোলা স্থানে অবৈধভাবে পশুর হাট বসানো ও কেনাবেচাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা দিল্লি সরকারের উন্নয়ন বিভাগকে জানাতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে দিল্লি প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে।

