নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলটি বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতিবাচক ও সুস্থ রাজনৈতিক চিন্তা করতে ব্যর্থ হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ছাত্ররাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তবে শিক্ষার্থীরা এসব অপচেষ্টা প্রত্যাখ্যান করবে বলেই তার বিশ্বাস।
দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দলীয় নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

