ওয়ান নিউজ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় রুজু হয়েছে। ইতোমধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলায় এবং ১১০টি অন্যান্য মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনো প্রক্রিয়াধীন। বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ হলেও দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া মেনে তদন্ত পরিচালনা করা হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারাধীন বিষয়। তবে রাষ্ট্রপক্ষ প্রতিটি মামলায় যথাযথ যুক্তি তুলে ধরে আসামিদের জামিনের বিরোধিতা করছে।
তিনি আরও বলেন, অতীতে সংঘটিত এসব নৃশংস ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ড, গুম, নির্যাতনসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।
সূত্র: বাসস

