যুব উন্নয়নে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার আখ্যা দিয়ে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

যুব উন্নয়নে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার আখ্যা দিয়ে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ওয়ান নিউজ ডেস্ক: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদায়ন নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা সাম্প্রতিক অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, ২০২১ সালের এক আদেশের পরিপ্রেক্ষিতে দশম গ্রেডের কর্মকর্তাদের নবম গ্রেডের চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, যা ২০২৫ সালে আদালতের রায়ে অবৈধ ঘোষিত হওয়ায় ৩৮ জন কর্মকর্তার সেই দায়িত্ব বাতিল করে মূল পদে ফেরানো হয়। পরবর্তীতে পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে জ্যেষ্ঠতা ও সার্ভিস রেকর্ড যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে নতুন করে ১৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে তার ব্যক্তিগত কোনো হস্তক্ষেপের সুযোগই ছিল না। বিরোধী দলগুলোকে দমন করার হীন উদ্দেশ্যেই বর্তমান বিএনপি সরকার দুদকের সংস্কার প্রক্রিয়া বাতিল করে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে এই এনসিপি নেতা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুদকের মুখপাত্র তার এই বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার না করলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। একই সাথে প্রকৃত সত্য উন্মোচনের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল নথিপত্র দিয়ে সার্বিক সহযোগিতা করার বিষয়েও নিজের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *