জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে দেশবাসীর সহযোগিতা চাইল ইসলামিক ফাউন্ডেশন
ওয়ান নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে আগামী সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জিলহজ মাস শুরুর তারিখ এবং ঈদুল আজহার সম্ভাব্য দিন নির্ধারণ করা হবে।
এদিকে দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য কয়েকটি নির্দিষ্ট নম্বরও প্রকাশ করা হয়েছে। নম্বরগুলো হলো—
📞 ০২-৪১০৫৩২৯৪
📞 ০২-২২৬৬৪০৫১০
📞 ০২-২২৩৩৮৩৩৯৭
ধর্মীয় গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে কোরবানির ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।

