গরু কুরবানি নিয়ে নতুন বিতর্ক, বিকল্প পথে হাঁটার আহ্বান ইসলামিক স্কলারের

গরু কুরবানি নিয়ে নতুন বিতর্ক, বিকল্প পথে হাঁটার আহ্বান ইসলামিক স্কলারের

ওয়ান নিউজ ডেস্ক:
ভারতে কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও মহিষ কুরবানি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে নতুন আলোচনা তৈরি করেছেন হায়দরাবাদের ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। তিনি মুসলিমদের প্রতি এক বছরের জন্য গরু ও মহিষ কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তার দাবি, এ ধরনের সিদ্ধান্ত উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এক ধরনের কৌশলগত জবাব হতে পারে। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে তিনি বলেন, সংঘাত এড়িয়ে বিকল্প পথে এগোনোর মধ্যেও গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।

মাওলানা জাফর পাশা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় কুরবানির পশু কেনাকে কেন্দ্র করে মুসলিমদের হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে গোরক্ষকদের বিরুদ্ধে পশু ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসন যদি কঠোর অবস্থান নেয় তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বসানো চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবিও জানান তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ে বিধিনিষেধ আরোপের পর বিষয়টি আরও আলোচনায় আসে। অনেকেই মনে করছেন, ঈদের আগে মুসলিমদের গরু কুরবানি সীমিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অনেক মুসলিম গরুর পরিবর্তে ছাগলসহ অন্যান্য পশু কুরবানির দিকে ঝুঁকছেন বলে জানা গেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় পশু ব্যবসাতেও। বিশেষ করে গরু বিক্রির ওপর নির্ভরশীল অনেক ব্যবসায়ী এখন আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *