ওয়ান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ১৫ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) একটি বড় ধরনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত গভীর রাতে বিজিবির ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) জোরালো ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই পুশইন চেষ্টা থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে রোকনপুর সীমান্তের সীমান্ত পিলার ২২০ এমপি-এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের জোয়ানরা নদী পথে নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। পুশইন করার চেষ্টা করা এই দলটির মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল। বিষয়টি সীমান্ত টহলে থাকা বিজিবির নজরে আসা মাত্রই বিজিবি তাৎক্ষণিক কঠোর প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, সীমান্তে বিজিবির দৃঢ় ও আপসহীন অবস্থানের প্রেক্ষিতে পুশইনের শিকার হওয়া ওই ১৫ জন ব্যক্তি বেশ কিছু সময় সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অবস্থান করতে বাধ্য হয়। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে পুনরায় ভারতের অভ্যন্তরে ভবানীপুর এলাকায় ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রোকনপুরসহ সামগ্রিক সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। একই সাথে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

