ওয়ান নিউজ ডেস্ক: দক্ষিণ লেবাননের নিরাপত্তা বলয় বা বাফার জোন থেকে এখনই নিজেদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রবিবার (২১ জুন) এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি স্পষ্ট করেন যে, দেশের সুরক্ষায় যতক্ষণ প্রয়োজন, ঠিক ততক্ষণই সেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করবে এবং তেল আবিবের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দলগুলোর ওপর চাপ প্রয়োগের কৌশল সচল রাখা হবে। কূটনৈতিক মহলে যেকোনো আলোচনা চললেও ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে, সে বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিগত এক বছরে তেহরানের বিরুদ্ধে চালানো সব সামরিক পদক্ষেপকে দেশের নিরাপত্তার স্বার্থেই অপরিহার্য বলে দাবি করেন তিনি। প্রায় একই সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও সীমান্ত অঞ্চলের বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়ে সম্ভাব্য যেকোনো হুমকির বিরুদ্ধে অভিযান চালু রাখার বার্তা দিয়েছেন। অপরদিকে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পাল্টা অভিযোগ এনে লেবাননের সার্বভৌম ভূখণ্ড থেকে অবিলম্বে সমস্ত ইসরায়েলি সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জোরালো দাবি জানানো হয়েছে।

