ওয়ান নিউজ ডেস্ক:
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। অন্য কোনো শহর—মদিনা, জেদ্দা বা মিনায়—এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নিহতরা হলেন—মো. নইম উদ্দীন মন্ডল, মো. আবুল কাশেম, মো. সেরাজুল হক ও মো. খলিলুর রহমান।
এদিকে, ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন।
মোট ৮৯টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট।
পরিবহন পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
হজযাত্রীদের চিকিৎসা সেবা দিতে সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮৫০টি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের সার্বিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

