হাওরাঞ্চলের জন্য বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে

হাওরাঞ্চলের জন্য বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে

অনলাইন ডেস্ক:

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের দ্রুত সহায়তা দিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকেই সংশ্লিষ্ট জেলাগুলোতে সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয়টি জেলার কৃষকদের কথা বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন এবং আর্থিক ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

তবে দেশের অন্যান্য জেলার ক্ষেত্রে ধান সংগ্রহ শুরু হবে ৩ মে এবং চাল সংগ্রহ ১৫ মে থেকে নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

সরকার চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সংগ্রহমূল্য হিসেবে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারে ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশব্যাপী এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *