১৭ বছরের বিদ্যুৎ-বাণিজ্য ও সিন্ডিকেট রুখতে বস্তিতে প্রিপেইড মিটার, পল্লবীতে পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ

১৭ বছরের বিদ্যুৎ-বাণিজ্য ও সিন্ডিকেট রুখতে বস্তিতে প্রিপেইড মিটার, পল্লবীতে পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ

ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার বিভিন্ন ক্যাম্প এবং বস্তিতে দীর্ঘ ১৭ বছর ধরে চলা বিদ্যুৎ সংযোগ কেন্দ্রিক সিন্ডিকেট ও অবৈধ লেনদেন চিরতরে বন্ধ করতে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপনের যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার সকালে মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে সাধারণ মানুষের পানির তীব্র সংকট নিরসনে তিনটি গভীর নলকূপ, পানির পাম্প, দুই হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক এবং মৃতদের গোসলের স্থান নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় ওই এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কাজও উদ্বোধন করে তিনি বলেন, যেসব স্থানে ট্রান্সফরমার ছিল না সেখানে ডেসকোর সহায়তায় নতুন করে তা বসানো হচ্ছে এবং পর্যায়ক্রমে ঘরে ঘরে প্রিপেইড মিটার পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্যাম্পগুলোতে ডিজিটাল নিবন্ধনের কাজও পুরোদমে চলছে। বিদ্যুৎ ও পানিকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে আমিনুল হক জোর দিয়ে বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের শুধু মিছিল-মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে সরাসরি জনগণের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ শুনতে হবে এবং দলমতনির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজনে ব্যক্তিগত সহায়তায় মানুষের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করা এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও পল্লবী থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল এবং মহিলা দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *