ওআইসির পরবর্তী মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার প্রবীণ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ

ওআইসির পরবর্তী মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার প্রবীণ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ

ওয়ান নিউজ ডেস্ক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার বর্ষীয়ান কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার সংস্থাটির ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত পরিষদ তাকে এই পদে মনোনীত করে। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন, যাঁর মেয়াদ আগামী ২০২৬ সালের নভেম্বরে শেষ হচ্ছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করা ইসমাইল উলদ জাতিসংঘ ছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নানা জটিল রাজনৈতিক এবং নিরাপত্তা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আগামী ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য গত ফেব্রুয়ারিতেই আফ্রিকান ইউনিয়নের আনুষ্ঠানিক সমর্থন পেয়েছিলেন উত্তর আফ্রিকা অঞ্চলের এই প্রতিনিধি। ওআইসির সনদ অনুসারে, আরব, আফ্রিকা ও এশীয় দেশগুলোর মধ্যে মহাসচিব পদটি নির্দিষ্ট কোনো ক্রমানুসারে না থাকলেও ভৌগোলিক ন্যায্যতা, সমান সুযোগ, প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ বছরের জন্য এই নির্বাচন করে থাকেন, যা চাইলে সর্বোচ্চ একবার নবায়ন করা যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থাটির নেতৃত্বে এবার একজন মৌরিতানীয় কূটনীতিক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *