ওয়ান নিউজ ডেস্ক: ইরানের সাথে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রকে ক্রমশ দুর্বল করে তুলছে এবং ইতিমধ্যেই এই যুদ্ধে আমেরিকার পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক দলের সিনেটর ক্রিস মারফি। আনাদোলু এজেন্সির সূত্রমতে, রোববার সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, সংঘাত যত প্রলম্বিত হচ্ছে ইরানের অবস্থান ততই শক্তিশালী হচ্ছে; তাই হরমুজ প্রণালি সচল করা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা আদর্শ না হলেও দ্রুত তাতে সই করা উচিত। গুরুত্বপূর্ণ এই নৌপথটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে, যার চরম মূল্য প্রতিদিন সাধারণ মার্কিন নাগরিকদের চোকাতে হচ্ছে বলে তিনি সতর্ক করেন। এদিকে দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা বর্তমানে সম্পূর্ণ থমকে আছে, কারণ ইরান তাদের ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক অভিযান বন্ধ এবং উপযুক্ত ক্ষতিপূরণের শর্ত জুড়ে দিয়েছে। সার্বিক এই পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নতুন কোনো অর্থ বরাদ্দের সরাসরি বিরোধিতা করলেও, সংঘাত শেষে আমেরিকার ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অর্থায়নের পক্ষে ভোট দেওয়ার কথা স্পষ্ট করেছেন এই মার্কিন সিনেটর।

