যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিস্ফোরণ, টেক্সাস উপকূলে আতঙ্ক

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিস্ফোরণ, টেক্সাস উপকূলে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকার একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবারের এই বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হিউস্টন থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। পোর্ট আর্থারের মেয়র শার্লট এম মোজেস জানিয়েছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত কেউ আহত হয়নি। তিনি শহরের পশ্চিম অংশের বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, একটি বিস্ফোরণ হয়েছে ঠিকই, তবে আমরা সবাই ভালো আছি। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে।

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানির দাম বাড়ার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। ভ্যালেরোর ওয়েবসাইট অনুযায়ী, এই শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং এখান থেকে প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা সম্ভব। এখানে মূলত ভারী অপরিশোধিত তেল থেকে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েল তৈরি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দের পর তাদের ঘরের জানালা পর্যন্ত কেঁপে ওঠে। পোর্ট আর্থার সিটি কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, জরুরি বিভাগের কর্মীরা ‘ক্লিয়ার’ ঘোষণা না করা পর্যন্ত দয়া করে নিজ নিজ অবস্থানে থাকুন।

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি ক্রিশ্চিয়ান ম্যানুয়েল জানিয়েছেন, টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি ইতোমধ্যে বায়ু পর্যবেক্ষণ সরঞ্জামসহ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা স্থানীয় ও রাজ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি বাসিন্দাদের জানালা-দরজা বন্ধ রাখার এবং বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দিয়েছেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও ভ্যালেরো কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *